সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত পাঁচ দিনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২ জন নতুন রোগী ভর্তি হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৪ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) শেষ ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২১ জন এবং বেসরকারি হাসপাতালে একজনসহ মোট ২২ জন রোগী ভর্তি হয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি হওয়া ১ হাজার ৫০০ রোগীর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৪২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ জুন পর্যন্ত জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪১০ জন। এরপর ৪ জুলাই পর্যন্ত মাত্র পাঁচ দিনে নতুন করে আরও ৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে ১৮ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে আক্রান্ত রোগীদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হামের বিস্তার রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা ও শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।