সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি থাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে কোনো ধরনের নিয়মনীতি বা নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, একটি গোষ্ঠী ব্যাংকটি অবৈধভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ ও পদোন্নতি দিয়েছে।

চাকরিচ্যুত কর্মীরা ইসলামী ব্যাংকের বর্তমান বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন এবং তাদের সম্মানের সঙ্গে চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে কর্মহীন ও অনিশ্চয়তার মধ্যে থাকা নিজেদের ন্যায্য দাবি সরকারের শীর্ষ মহলের নজরে আনতেই তারা এই কর্মসূচি পালন করেছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, ভিআইপি সফর ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।