বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাহরির সময় ঘরে ঢুকে ধর্ষণের পর প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সাহরির সময় ঘরে ঢুকে ধর্ষণের পর এক গৃহবধূকে (৩০) হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহরির সময় দুর্বৃত্তরা অতর্কিত বসতঘরে প্রবেশ করে লালা বিবির ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহত গৃহবধূর স্বামীর বড় ভাই বলেন, জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। পরিকল্পিতভাবে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।