সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া ঘন ঘন বদলি বা পদায়ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সার্ভেয়ার ও কানুনগোরা রাজস্ব প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তবে ঘন ঘন বদলির কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এসব কর্মকর্তা-কর্মচারীকে একই কর্মস্থলে অন্তত দুই বছর নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া প্রয়োজন।

এ ছাড়া চাকরিরত অবস্থায় বদলির জন্য তদবির করা চাকরির বিধিবিধানের পরিপন্থি উল্লেখ করে প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া স্ব-স্ব কর্মস্থল বা পদায়ন করা স্থান থেকে অন্যত্র বদলি বা পদায়ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।