বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে ১০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার সাভারে অভিযান চালিয়ে মো. ইসরাফিল অপু (৩০) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, সোমবার রাত পৌনে ১২টার দিকে সাভারের রেডিও কলোনীর নয়াবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইসরাফিল অপু ভোলা জেলার ভোলা সদর থানার মাঝিরহাট এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে। তিনি বর্তমানে সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রেডিও কলোনীর নয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী ইসরাফিল অপুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা। আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুমিল্লা ও নারায়নগঞ্জ থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এর সরাসরি তত্বাবধানে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় সাভারের রেডিও কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছি। উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।