বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে ব্যবসায়ী-জাবি শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৭

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট (সাভার): সাভারে মোবাইল ফোন মেরামত করাকে কেন্দ্র করে রাজ্জাক প্লাজার ব্যবসায়ীদের সঙ্গে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাত জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার তৃতীয় তলায় মোবাইল মার্কেটে এ ঘটনা ঘটে। এরপর থেকে মার্কেটটি বন্ধ রয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী রাশেদ ও বাংলা বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের। অন্যদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মোবাইল ফোন ঠিক করা হয় সিয়াম টেলিকম নামের একটি দোকানে। ফোনটিতে ফের সমস্যা দেখা দেওয়ায় শিক্ষার্থীরা আবার সেই দোকানে আসেন। এতে দোকানদার ও শিক্ষার্থীর ভেতরে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। পরে সেই শিক্ষার্থী চলে গিয়ে আরও শিক্ষার্থীদের নিয়ে আসলে মার্কেটের নিচে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ বাধে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেব বলেন, আমাদের এক বান্ধবীর ফোনের প্রোটেকটর গ্লাস লাগাতে দেওয়া হয়েছিল দোকানটিতে। ফোনটি নিয়ে দীর্ঘ সময় পর গোডাউন থেকে প্রোটেকটর গ্লাস লাগিয়ে আনে মেকানিক। এরপর সেই শিক্ষার্থী ফোন নিয়ে হলে চলে এসে দেখে ফোনের পেছনে নতুন আঠা দেওয়া ও ফোনের ক্যামেরা ঘোলা। স্বাভাবিকভাবে ৯০ হাজার টাকার ফোনের ক্যামেরা ভালো থাকার কথা। এতে সন্দেহ হওয়ায় দোকানে গিয়ে বিষয়টি জানালে শিক্ষার্থীদের সঙ্গে দোকানদারের কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি করে। বিষয়টি জেনে ক্যাম্পাসের বাকি শিক্ষার্থীরা মার্কেটে গেলে ব্যবসায়ীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই শিক্ষার্থী আহত হয়ে এনাম মেডিকেল কলেজ এন্ড  হাসপাতালে ভর্তি আছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমরা ঘটনাটি শুনে সরাসরি মার্কেটে এসেছি। এখানকার পরিস্থিতি দেখছি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা এখানে আসি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সবাই এখানে এসেছেন। আলোচনা করে সমাধানে আনার চেষ্টা চলছে।