মঙ্গলবার , ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পুলিশের ধাওয়া খেয়ে তিনি ছাদ থেকে পড়ে যান। তবে পুলিশ বলছে, তারা ভবনের ভেতরে অভিযানে থাকাকালে ওই যুবক পড়ে যান। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মনোয়ারুল হোসেন বকশী। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনোয়ারুল হোসেন বকশী বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) গার্ড জাফরের ছেলে এবং সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, রংপুরের পীরগঞ্জ থানায় করা এক নিখোঁজ ডায়েরির সূত্র ধরে একটি ছেলে ও তার প্রেমিকাকে খুঁজতে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল সাভারে আসে। সাভার মডেল থানার পুলিশের সহায়তায় তারা মনোয়ারুলের বাসায় অভিযান চালায়। তবে অভিযানের আগেই ওই যুগল বাসা ছেড়ে চলে যায়।

স্থানীয়দের অভিযোগ, অভিযানের সময় মনোয়ারুল ছাদে উঠলে পুলিশ তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অন্যদিকে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন বলেন, বাসায় তল্লাশির সময় কয়েক মিনিট পর একটি শব্দ শুনে নিচে গিয়ে দেখেন এক যুবক পড়ে আছেন। এরপর তারা সেখান থেকে চলে আসেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে সহযোগিতা করতে তাদের একটি টিম ঘটনাস্থলে ছিল। তবে সাভার থানা পুলিশের সদস্যরা ভবনের নিচে অবস্থান করছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে