বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে নেশাগ্রস্ত দের বাসা ডেকে নিয়ে রক্ত কিনতেন জলিল…!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: প্রথমে অভাবগ্রস্থ ও নেশাগ্রস্তদের টার্গেট করে কৌশলে বাসায় নিয়ে করা হতো অজ্ঞান। এই সুযোগে শরীর থেকে রক্ত বের করে ১ হাজার ২০০ টাকার বিনিময়ে বিক্রিও করা হতো নিয়মিত। সাভারে আব্দুল জলিল (৫৬) নামের এমন এক রক্ত খেকোর সন্ধান মিলেছে। ধরা পরেছে পুলিশের জালে।

 

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২ টার দিকে সব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) নয়ন কারকুন। এর আগে গভীররাতে সাভারের থানা রোডের ওয়েল ফুডের ২য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার আবদুল জলিল পাবনা জেলার চাটমোহর থানার মৃত ইমান আলীর ছেলে। তিনি সাভারের থানা রোডের ওয়েল ফুডের ২য় তলায় ভাড়া থেকে প্রায় বছর জুড়ে রক্ত সংগ্রহ করে বিক্রি করেছেন।

 

আটক জলিল বলেন, ‘রক্ত তো জোর করে নেওয়া সম্ভব নয়। কৌশলেই নিতে হয়। আমি ভুল স্বীকার করেছি। এসব রক্ত রাজধানীর পান্থপথের আলিফ, কলেজ গেটের রাজধানী, কলেজ গেইটের বাংলাদেশ ব্লাড ব্যাংক ও গ্রীনরোডের নিরাপদ হাসপাতালে ১২০০ টাকার বিনিময়ে বিক্রি করেছি।’

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাভারের থানা রোডে অভাবগ্রস্তদের কৌশলে বাসায় ডেকে নিয়ে অজ্ঞান করতো জলিল। পরে পূর্ব অভিজ্ঞতার আলোকে তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে বিক্রি করতেন। এমন খবর পাওয়ামাত্র অভিযানে নামে পুলিশ। পরে রাতে জলিলকে আটক করা হয়। এসময় তার সংগ্রহে থাকা ১০ ব্যাগ রক্ত ও রক্ত সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আটক কারীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার অপকর্মের কথা তিনি স্বীকার করেছেন জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।