বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে নিজ ঘরে ব্যবসায়ীকে হত্যা, এলাকায় আতঙ্ক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

সাভারে নিজ ঘরে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ বাসায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়। বিকেলে ঘরের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। নিহত দেলোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে জুতা কিনে দোকানে দোকানে বিক্রি করতেন বলে জানা গেছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।