মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

সমাবেশে ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। পরিস্থিতি শান্ত রাখতে মাইকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান নাবিলা তাসনিদ।

ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার পর নাহিদ ইসলামের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।