মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সমাবেশে হামলার মাধ্যমে তাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে বিস্ফোরণের পর বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিস্ফোরণ ঘটানো হয়, যা পরিকল্পিত হামলার ইঙ্গিত বহন করে। তিনি দাবি করেন, প্রশাসনের সহযোগিতায় এই ঘটনা ঘটেছে এবং এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, কেন সমাবেশস্থলের বিদ্যুৎ বন্ধ হয়ে গেল এবং কেন পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে ঘটনার জবাব দাবি করেন।

তিনি জানান, বিস্ফোরণে এনসিপির কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার নিশ্চিত না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি করা হবে।

এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ভয়ভীতি বা হামলা তাদের আন্দোলন থামাতে পারবে না। জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানের দাবিতে তাদের কর্মসূচি চলতে থাকবে।