বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ মোট ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রোববার (৭ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

গত ৬ জুন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ধামরাই থানার নান্নার পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে কায়েদ আলী (৪০), ফরহাদ হোসেন (৩৫), রাসেল মিয়া (২৬) ও তারেক আজিজকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানার জামসিং এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

রাত ১১টা ৩০ মিনিটে ধামরাইয়ের জয়পুরা এলাকায় আরেকটি অভিযানে বাবুল মিয়া (৩০) ও সাগর হোসেনকে (২৭) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া, ৭ জুন রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে মিলন (৩৬) নামে এক ব্যক্তিকে ১০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কায়েদ আলীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা, ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা, রাসেল মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং বাবুল মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।