বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবেশীদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর একই এলাকার বাসিন্দা ও নিজেকে বিএনপির সদস্য হিসেবে পরিচয়দানকারী মহিউদ্দিন খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তার ওপর হঠাৎ করে ইটের দেয়াল নির্মাণ করে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।এতে ওই এলাকার অসংখ্য পরিবার প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।বিশেষ করে শিক্ষার্থী,বয়স্ক ব্যক্তি,নারী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।ভুক্তভোগীদের দাবি,বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা ও সমাধানের চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। বরং দেয়াল নির্মাণের কারণে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ আরও তীব্র হয়েছে।তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও অর্থ উভয়েরই অপচয় হচ্ছে।জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা অগ্নিনির্বাপণ সেবার যানবাহন প্রবেশেও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ,ব্যক্তিগত প্রভাব খাটিয়ে জনসাধারণের ব্যবহৃত পথ বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তারা সংশ্লিষ্ট প্রশাসন,ভূমি কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন খানের বক্তব্য পাওয়া যায়নি।তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।