বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, ধানমন্ডির বাসা থেকে ডিবির অভিযান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডি এলাকার ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ডিবি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। রংপুর-এ স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়। টিপু মুনশি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এর আগে আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে স্পিকারের পদ শূন্য হয়। এরপর টানা চারবার তিনি এই দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। পরবর্তীতে সংসদ ভেঙে দেওয়া হয় এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় শিরীন শারমিন চৌধুরী গত বছরের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।