শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, ইউপি সদস্যসহ আহত ১৫

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুলাই, ২০২৪

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলার ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সোমবার (১ জুলাই) ভোর ৪টার দিকে আব্দালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় ১৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান।

আহতরা হলেন- বিষ্ণুদিয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত মনোহর মন্ডলের ছেলে মজনু হক, তার ছোট ভাই বজলুর রহমান, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, বশির আলী, মজনু হকের ছেলে রাশিদুল ইসলাম, ইউপি সদস্য নাজমুল ইসলাম, রফিকুল ইসলামের ছেলে আসিফ, জিয়ার আলীর ছেলে ইদবার ও নিকবার, নজরুলের ছেলে জহুরুল ইসলাম, ইসলামের ছেলে আরমান, জুলমতের ছেলে ঝন্টু, তরিফ আলির ছেলে লাল্টু ও রফিকুলের স্ত্রী আফরোজা খাতুন।

পুলিশ, আহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরব আলী চেয়ারম্যানের গ্রুপের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য নাজমুল ইসলামের গ্রুপের বিরোধ চলে আসছিল। সোমবার ভোর ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আরব আলী চেয়ারম্যান ও তার শতাধিক লোকজন হাঁসুয়া, ডাসা, চাইনিজ কুড়াল, হাতুড়ি, শাবল, রড ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে। এতে নাজমুল মেম্বার গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কথা বলার জন্য আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আরব আলী ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।