লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছাড়াও লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।