বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাবেক এমপি শিবলির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে খাদিজা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন ।

খাদিজার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। সেই থেকেই তার স্ত্রী খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছেন। ২০১৯ সালের ৮ জুন শিবলী সাদিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

হাসপাতালে ভর্তির আগে খাদিজা তার নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তার ওপর হওয়া অন্যায়ের অভিযোগ করেন।

খাদিজা ফেসবুক পোস্টে লেখেন, আমি যথেষ্ট শক্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় ও জুলুম আমি আর নিতে পারছি না। বিয়ের ২ থেকে ৩ মাস পর থেকেই এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।

পোস্টে তিনি স্বামী শিবলী সাদিকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন তার এই পরিণতির জন্য তারা দায়ী।

নিজের মেয়ের উদ্দেশ্যে তিনি লেখেন, স্নেহা, তোমার জন্য আমার দোয়া রইল। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো।

মা-বাবার কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, তার এই সিদ্ধান্ত ভুল হলেও পরিস্থিতি তাকে বাধ্য করেছে।

জিয়া হার্ট ফাউন্ডেশনের দায়িত্বরত চিকিৎসক মুসা আল আশারী বলেন, রাত সোয়া ৮টার দিকে খাদিজাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সাবেক এমপি শিবলী সাদিক এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হওয়ার পর ২০১৯ সালে তিনি পারিবারিকভাবে খাদিজাকে বিয়ে করেন।

শাহজাহান ইসলাম লেলিন/আরএআর