বৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সাত মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে সাত মাস বয়সী মেয়েকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় সাত মাস বয়সী রাফা মনি কবিতাকে আছাড় মারেন তার বাবা কবির ইসলাম। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তুরাগ থানা পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

শিশুটিকে হত্যার অভিযোগে শুক্রবার তুরাগ থানায় কবির ইসলামের বিরুদ্ধে মামলা করেন তার শাশুড়ি ও শিশুটির নানি সারমীন আক্তার। এরপর তদন্ত কর্মকর্তা তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় রাফা মনি। পেশায় রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের পর তিনি প্রায়ই স্ত্রী লিমাকে মারধর ও গালিগালাজ করতেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

শিশুটির মা লিমা আক্তার বাবার অসুস্থতার খবর পেয়ে মেয়েকে নিয়ে বালুরমাঠ হারুন মোল্লার বস্তিতে বাবাকে দেখতে যান। সেখানে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে লিমার কাছ থেকে শিশুটিকে ছিনিয়ে নেন এবং মাথার ওপর তুলে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় রাফা মনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।