ফুটবল দুনিয়ায় বয়স যেন কেবল একটি সংখ্যা—আর এর সবচেয়ে বড় প্রমাণ ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও যেন তিনি তরুণের মতোই দৌড়ে বেড়ান মাঠে। সঠিক খাদ্যাভ্যাস, কঠোর ফিটনেস অনুশীলন এবং নিয়মিত ট্রেনিং তাকে অন্যদের থেকে আলাদা করেছে সবসময়ই। গতকাল (রোববার) সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে তার করা অসাধারণ এক বাইসাইকেল কিক গোল আবারও মনে করিয়ে দিল তার সেরা সময়কে। আল-নাসর ম্যাচটি জিতেছে ৪-১ গোলে, আর রোনালদোর সে গোল মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
বাতাসে ভাসা বল, তারপর এক ঝাঁপে জালের দেখা
ম্যাচের স্টপেজ টাইমে নাওয়াফ বওশাল ডান প্রান্ত থেকে এক নিখুঁত ক্রস পাঠান বক্সের দিকে। বক্সের বাইরে থেকে দৌড়ে এসে রোনালদো বলের মুখোমুখি হন এমন এক কোণে, যেখান থেকে গোল করা বেশ কঠিন। কিন্তু রোনালদো বল নিচে নামার আগেই শূন্যে ভেসে উঠে নিলেন এক নিখুঁত ‘ওভারহেড কিক’—বা যাকে ফুটবলে বলা হয় বাইসাইকেল কিক।
গোটা শরীর আকাশে ভাসিয়ে দেওয়া সেই শট এতটাই নিখুঁত ছিল, যে গোলকিপারের ছোঁয়া লাগলেও বল সোজা জড়িয়ে যায় জালে। দর্শকরা বিস্ময়ে হতবাক, সতীর্থরা উচ্ছ্বসিত, আর প্রতিপক্ষও মুগ্ধ। আল-নাসরের জার্সিতে সম্ভবত তার অন্যতম সেরা গোলটি হয়ে গেল এটাই।
স্মরণ করিয়ে দিল ২০১৮ সালের আইকনিক গোল
এই গোল যেন সাত বছর পেছনে ফিরিয়ে নিয়ে গেল ফুটবলপ্রেমীদের। ২০১৮ সালের এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর সেই কিংবদন্তি বাইসাইকেল কিক গোল এখনো অনেকের চোখে সেরা। ঠিক একই ভঙ্গি, একই উড়াল, একই নিখুঁত সমাপ্তি—সাত বছর পরও রোনালদো যেন প্রমাণ করে দিলেন, তার শরীর এখনো বিশ্বমানের এবং তার ক্ষুধা এখনো অম্লান।
হতাশা কাটিয়ে ফের আগুনে মেজাজে রোনালদো
পর্তুগালের হয়ে আগের আন্তর্জাতিক ম্যাচে লাল কার্ড দেখে বেশ হতাশ ছিলেন সিআর–সেভেন। তবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় রোনালদো এখন আরও দৃপ্ত, আরও মনোযোগী। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা একমাত্র ফুটবলার হওয়ার পথে তিনি, আর ক্যারিয়ারের শেষ পর্বে এসে অধরা বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখতে চান এই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
আল-নাসরও ভালো অবস্থানে
ক্লাব ফুটবলেও রোনালদো সমান মনোযোগী। আল-নাসরের হয়ে তিনি চান ট্রফির খরা ঘুচাতে। ইতোমধ্যে সৌদি প্রো লিগে প্রথম ৯ ম্যাচের সবকটিতে জিতে দল রয়েছে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। সামনে যে আরও লড়াই, আরও চ্যালেঞ্জ—এমন গোল করে রোনালদো যেন জানিয়ে দিলেন, সেই লড়াইয়ে তিনি এখনো সেরা অস্ত্র।