বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাড়ে ৪ ঘণ্টায় ঢাকা-৫ এর চার কেন্দ্রে গড়ে ৩০% ভোট, লাইনে অপেক্ষায় ভোটাররা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর ঢাকা-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর সাড়ে চার ঘণ্টা শেষে চারটি কেন্দ্রে গড়ে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা।

রাজধানীর ডেমরার হাজী মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ে স্থাপিত চারটি কেন্দ্রে (দুটি পুরুষ ও দুটি মহিলা) মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৮৩ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ২ হাজার ৭১০ জন, যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ। কেন্দ্রগুলোর বাইরে এখনও অনেক ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

পুরুষ-১ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইকবাল বাহার সুমন জানান, তার কেন্দ্রে ২ হাজার ২৪১ জন ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৭৩০ জন ভোট দিয়েছেন। পুরুষ-২ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহিদুল আরেফিন বলেন, তার কেন্দ্রে ২ হাজার ২২৪ ভোটারের মধ্যে ৮৩০ জন ভোট দিয়েছেন।

মহিলা-১ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পারভেজ মাহমুদ জানান, ২ হাজার ১৫৯ ভোটারের মধ্যে ৬০০ জনের বেশি ভোট দিয়েছেন। মহিলা-২ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান বলেন, তার কেন্দ্রে ২ হাজার ৫৫৯ ভোটারের মধ্যে ৫৫০ জন ভোট দিয়েছেন। তিনি বলেন, “ভোটারদের চাপ এত বেশি যে অনেক কর্মকর্তা ক্লান্ত হয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।”

অন্যদিকে, উত্তর যাত্রাবাড়ীর মাদরাসা মুহাম্মাদীয়া আরাবিয়া কেন্দ্রে ৩ হাজার ৫৫৫ ভোটারের মধ্যে সাড়ে ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৭০০ জন। প্রিজাইডিং অফিসার এ বি এম মোস্তাফিজুর রহমান জানান, তার কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পুরুষ কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২ হাজার ২৮৯ ভোটারের মধ্যে ৪৩৭টি ভোট পড়েছে। মহিলা কেন্দ্রে ৩ হাজার ৮০৯ ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ২৬৯ জন।

এছাড়া যাত্রাবাড়ী বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে ৩ হাজার ৫১৮ ভোটারের মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৭০ জন ভোট দিয়েছেন। মহিলা কেন্দ্রে ২ হাজার ৫৮৩ ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ১৫০ জন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।

রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির মো. নবী উল্লাহ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজী মো. ইবরাহীম (হাতপাখা)।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।