বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাকিব আল হাসান: জাতীয় দলে ফেরার জন্য মনোযোগ ক্রিকেটে, বোর্ডের সিদ্ধান্ত অপেক্ষায়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মাস খানেকের বেশি সময় ধরে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ফেরানোর উদ্যোগ শুরু করেছে বিসিবি। পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তিনি দলে থাকছেন না।

গত শনিবার বিসিবির বোর্ড সভার পর বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, সাকিবের ফেরা তার মামলা সংক্রান্ত কার্যক্রম ও অগ্রগতির ওপর নির্ভর করছে।

আজ মঙ্গলবার পূর্বাচলে ভেন্যু পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান,

“সাকিবের বাংলাদেশে আসা এবং আসার পর নির্বাচকরা যদি মনে করে খেলার জন্য প্রস্তুত, তাহলে খেলবেন। তবে এখানে কিছু প্রক্রিয়াগত বিষয় আছে, যেগুলো ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে।”

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব নিজের জাতীয় দল, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, দেশে ফেরার বিষয় এবং রাজনীতি নিয়েও কথা বলেছেন। পরে তিনি নিজের ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন।

ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন,

“সম্প্রতি গণমাধ্যমে আমার বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি স্পষ্ট করতে চাই, এই মুহূর্তে আমার পুরো মনোযোগ ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ দিয়ে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

দেশের উন্নয়নের জন্য রাজনীতি গুরুত্বপূর্ণ, তবে সেটি ছাড়া ও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে রাজনীতির মাধ্যমে অনেক কিছু সহজভাবে করা যায়।

আশা করি লাল-সবুজ জার্সি গায়ে হাসি নিয়ে আমি ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থী।”

সাকিবের মন্তব্যে পরিষ্কার হয়েছে, তিনি পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করেছেন এবং জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বোর্ড ও নির্বাচকরা তার ফেরার বিষয়টি আরও কিছু প্রক্রিয়া শেষে চূড়ান্ত করবেন।