সশস্ত্র বাহিনীকে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়—এটি পুরো দেশের সম্পদ।
রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বে কোনো ধরনের আপস করা যাবে না এবং বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের রাজনৈতিক ও প্রশাসনিক অস্থির পরিস্থিতি এবং পরবর্তী সময়েও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা জনগণের আস্থা ও প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া তিনি অভিযোগ করেন, বিগত দেড় দশকে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালানো হয়েছিল, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে।
সশস্ত্র বাহিনীকে জাতীয় স্বার্থে আরও শক্তিশালী, আধুনিক ও পেশাদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।