ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে পুলিশ সদস্যরা নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। এর মাধ্যমে বাহিনী তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে পেরেছে। ভবিষ্যতেও এই ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইফতারের আগে রাজধানীতে যানজট বৃদ্ধি পায়। তাই সংশ্লিষ্টদের সতর্ক থেকে দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে মহান একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান রয়েছে। এছাড়া রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি ও ছিনতাই প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
সন্ধ্যায় উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।