বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে নয়, ইরানেই রাখার নির্দেশ মোজতবা খামেনির

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি। বৃহস্পতিবার (২১ মে) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স

প্রতিবেদনে ইরানের দুটি সূত্রের বরাতে বলা হয়, তেহরান তার সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণেই রাখতে চায় এবং এ বিষয়ে সুপ্রিম লিডার কঠোর অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক ও শান্তি আলোচনায় আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান।

এদিকে ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

ধারণা করা হচ্ছে, বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব বলে পশ্চিমা দেশগুলোর দাবি।

এর আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম অপসারণ, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত না করা পর্যন্ত তারা চাপ অব্যাহত রাখবে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেন, তেহরানের শঙ্কা— ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে দেশটি আরও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য হামলার ঝুঁকি বাড়তে পারে।

ইরানের রাজনৈতিক কাঠামো অনুযায়ী, দেশটির গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব সুপ্রিম লিডারের হাতেই থাকে।