বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সমান ভোটে দুই সভাপতি: নীলফামারী প্রেসক্লাবে ভাগাভাগি দায়িত্ব

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যতিক্রমী এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় তারা সমঝোতার ভিত্তিতে পালাক্রমে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিল্লাদুর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনায় দেখা যায়, সভাপতি পদে হাসান রাব্বী প্রধান (আরটিভি) এবং মনঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) সমান ভোট পেয়েছেন। এতে করে একটি অচলাবস্থা তৈরি হলেও পরে উভয় প্রার্থীর সম্মতিতে সিদ্ধান্ত হয়, তারা এক বছর করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ধরনের সিদ্ধান্ত প্রেসক্লাবের ইতিহাসে বিরল হলেও সংশ্লিষ্টরা এটিকে সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক সমাধান হিসেবে দেখছেন। এতে করে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা না এসে বরং সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ) বিজয়ী হয়েছেন। নির্বাচনের মাধ্যমে তিনি সংগঠনের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি চারটি পদে নির্বাচিত হয়েছেন ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক) এবং মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল) ও আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪)। দপ্তর সম্পাদক পদে এমআর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাঈম শাহ (কালের কণ্ঠ) এবং ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব) এবং আলী সাদ্দাম (সিএন বাংলা)।

কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদের মধ্যে ১৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি দুটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা)।

প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম জানান, প্রেসক্লাবের মোট ৫২ জন সদস্যের মধ্যে ৪৯ জন ভোট প্রদান করেছেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।