বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী: “ঈদযাত্রা এবার স্বস্তির, দুর্ঘটনা নিয়ন্ত্রণে”

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রোববার (২৯ মার্চ ২০২৬) সচিবালয়ে দেশে সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রী নিরাপত্তা বৃদ্ধির জন্য উচ্চপর্যায়ের এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, এবারের ঈদযাত্রা “স্মুথ” হয়েছে। তিনি বলেন, দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে রাজধানী ঢাকা ছাড়তে চেয়েছিল এবং সাধারণত ঘটে যাওয়া যানজট ও দুর্ঘটনা তুলনামূলকভাবে কম ছিল।

মন্ত্রী বলেন, “দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, যার জন্য আমরা দুঃখিত। তবে মানুষের স্বস্তিতে এবং নিরাপদে বাড়ি ফেরা এবারে তুলনামূলকভাবে ভালো হয়েছে।” তিনি আরও জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, রেলের দুজন গার্ড বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে এবং সংশ্লিষ্ট অফিসারও চাকরিচ্যুত হয়েছেন।

মন্ত্রী এসময় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় যাত্রী নিয়ে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের ঘটনায় ব্যাখ্যা না দিলে ওই কোম্পানির সব বাসের রেজিস্ট্রেশন বা রুট পারমিট বাতিলের হুমকি দেন।

নিহতের সংখ্যা নিয়ে বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্যের সঙ্গে তার ব্যাখ্যা ছিল স্পষ্ট। মন্ত্রী জানান, “আমাদের কাছে সড়ক ও নৌপথে দুর্ঘটনায় মোট নিহত ১৭০ জনের তথ্য আছে। মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন, রেলপথে ১৭ জন এবং বাকি বিভিন্ন এলজিইডি সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় নিহত।” তিনি বলেন, “গত বছরের তুলনায় নিহতের সংখ্যা কমেছে—১১ দিনে ১৮৭ জনের বিপরীতে এবার ১৭০ জন।”

শেখ রবিউল আলম আরও বলেন, সরকার নিরলসভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করছে এবং ভবিষ্যতে দুর্ঘটনা আরও কমানো হবে।