বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংস্কার না হলে সরকারের পতন দ্রুত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।

শুক্রবার (১৯ জুন) বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু সরকার এখনো সেই সংস্কার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। জনগণের প্রত্যাশার সঙ্গে বেইমানি করা হলে সরকারের পতন ঘটতে বেশি সময় লাগবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভারত থেকে কথিত ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে তিনি সরকারের সমালোচনা করে বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আরও দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি শেখ হাসিনার বিচার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিও জানান।

বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, জেলার শিক্ষা ও স্বাস্থ্যখাত এখনো পিছিয়ে রয়েছে। এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

সফরে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন, ষাট গম্বুজ মসজিদ এলাকায় বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।