বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংসদ জনগণের সমস্যার বদলে দুই দলের বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে : গাজী আতাউর রহমান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন, জাতীয় সংসদ এখন জনগণের সমস্যা সমাধানের জায়গা না হয়ে দুই প্রধান রাজনৈতিক দলের পারস্পরিক বিতর্ক ও ব্যক্তিগত স্বার্থ আদায়ের মঞ্চে পরিণত হয়েছে।

সোমবার (২৯ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গাজী আতাউর রহমান বলেন, বর্তমানে দেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপত্তাহীনতা এবং নানাবিধ সংকটে চরম দুর্ভোগে রয়েছে। কিন্তু সংসদে এসব বাস্তব সমস্যা নিয়ে কার্যকর আলোচনা হচ্ছে না। বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্কই বেশি প্রাধান্য পাচ্ছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে আসছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও দলটি সংস্কার ও বিচার ব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আন্দোলনে অংশ নেয়। তবে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

নতুন দায়িত্ব গ্রহণের প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণের প্রত্যাশা বাস্তবায়নে এবং নৈতিক ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

গাজী আতাউর রহমান আরও বলেন, দলটি ১৯৮৭ সালে শুরু হওয়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ধারাবাহিকতায় ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।

তিনি দলের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে সংগঠনকে নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।