জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরোনো ও দুষ্প্রাপ্য দলিল, সংসদীয় বিতর্ক এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গ্রন্থাগারের নির্বাচিত ১০০টি বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ করা হয়েছে, যাতে অনলাইনে তথ্য অনুসন্ধান আরও সহজ ও আধুনিক করা যায়।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় সংসদ ভবন–এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন হুমাম কাদের চৌধুরী। এতে কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম অংশ নেন।
বৈঠকে সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত পুরোনো নথি ডিজিটালাইজেশন এবং নতুন বই সংগ্রহের খসড়া তালিকা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে সদস্যরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় সংসদীয় তথ্যভান্ডার আধুনিকীকরণের অংশ হিসেবে ই-পার্লামেন্ট প্রকল্পের ডিপিপি দ্রুত একনেকে পাঠানোর সুপারিশ করা হয়। পাশাপাশি গ্রন্থাগারের জন্য প্রস্তাবিত বইয়ের তালিকায় গুম-সংক্রান্ত বই সংযোজন করে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করার প্রস্তাবও দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংসদীয় তথ্য ও ঐতিহাসিক দলিল সংরক্ষণ সহজ হবে এবং গবেষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠক অনলাইনে দ্রুত তথ্য অনুসন্ধানের সুবিধা পাবেন।