বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংশোধন নয়, রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ছাত্র-জনতা: পটুয়াখালী এমপি মাসুদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

পটুয়াখালীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই সনদ’-এর ওপর আনীত জনগুরুত্বপূর্ণ মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণকালে বলেন, জুলাই আন্দোলন ছিল রাষ্ট্র সংস্কারের জন্য, সংশোধনের জন্য নয়।

তিনি উল্লেখ করেন, “বুকে গুলিবিদ্ধ হয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছিল, ব্যারিকেড দিয়ে। সেখানে লেখা ছিল– ‘রাস্তা সংস্কারের কাজ নয়, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে’। অথচ আমরা এখন সংস্কারের পরিবর্তে সংশোধনের দিকে যাচ্ছি। এই সংশোধনের জন্য আমাদের তরুণ সমাজ, আমাদের জনতা জীবন দেয়নি।”

মাসুদ বলেন, “ভোটের পর নখের কালি শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা জুলাই সনদটাকেই ভুলিয়ে দিতে বসেছি। ছাত্র-জনতা যে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল, আমরা সেই উদ্দেশ্যকে মেনে নিতে পারছি না।”

তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, “আজকের সংসদ ঠিক সেই রাজার মতো হয়েছে, যাঁর পা ঘোড়ার রেকাবে আটকে গেছে, কিন্তু দায়িত্বশীলরা আইন বা নিয়মের খোঁজে পরিস্থিতি ঠিক করতে পারছে না।”

মাসুদ আরও বলেন, “সরকারি দলের সদস্যদের উদ্দেশ্য করি– জনগণের ৭০ শতাংশ জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে। তবে আমরা সেই লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছি ফ্যামিলি কার্ড, খাল খনন বা অন্যান্য কার্যক্রমে। ন্যায্যতা ও সংবিধানের প্রতি মনোযোগ হারানো আমাদের জন্য উদ্বেগের বিষয়।”

তিনি অবৈধ প্রশাসনিক নিয়োগ ও শপথ গ্রহণের প্রসঙ্গও তুলে ধরেন, বলেন, “অবৈধভাবে শপথ প্রদানের ঘটনা জাতীয় সংসদে সংঘটিত হয়েছে। যারা করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত।”

মাসুদ জোর দিয়ে বলেন, “জুলাই আন্দোলন শুধুমাত্র ভোট বা প্রশাসনিক সুবিধার জন্য হয়নি; এটা ছিল দেশের জন্য রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার আন্দোলন।”