ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বণ্টন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আনুপাতিক হারের ভিত্তিতে জোটগত হিসাব অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জোট পাচ্ছে একটি আসন।
সোমবার (৬ এপ্রিল) কমিশনের ১১তম সভা শেষে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি সূত্রে জানা গেছে, বিএনপি জোটে রয়েছে গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি—যারা সম্মিলিতভাবে ৩৬টি আসন পাবে। অন্যদিকে জামায়াত জোটে রয়েছে এনসিপি ও খেলাফত আন্দোলন, যাদের মোট বরাদ্দ ১৩টি আসন।
এছাড়া ছয়জন স্বতন্ত্র প্রার্থী একত্রে জোট গঠন করায় তারা একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছেন।
ইসি সচিব আরও জানান, বিএনপি নেত্রী রুমিন ফারহানা ব্যক্তিগত সিদ্ধান্তে এই নির্বাচনে অংশ নেবেন না।
আইন অনুযায়ী, সংসদে কোনো দল বা জোটের প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা হয়। সাধারণ আসনের সংখ্যা ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে যে সংখ্যা আসে, সেটিই সংরক্ষিত আসন হিসেবে বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত রয়েছে এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল এখনো আইনি জটিলতার কারণে প্রকাশ করা হয়নি।