চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান-এর প্রথম নামাজে জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সোয়া ৩টায় রাজধানীতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জীবননগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এ সময় জানাজায় অংশগ্রহণ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য মো. জয়নুল আবেদীন-সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জানাজায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।