সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে কয়েদি ও কারা প্রশাসনের মধ্যে ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি, শ্রীলঙ্কার দৈনিক আদা দেরানা–এর বরাত দিয়ে জানিয়েছে, রোববার (৫ জুলাই) সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ সোমবার (৬ জুলাই) সকাল পর্যন্ত চলতে থাকে। পরে সরকার সেনাবাহিনী মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা রয়েছেন। আহতদের মধ্যেও কয়েদি এবং কারা প্রশাসনের সদস্য উভয়েই আছেন।

নেগোম্বো হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারাসূত্র জানায়, রোববার সকালে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। শুরুতেই ২ জন নিহত এবং ৩৮ জন কয়েদি আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা প্রশাসন হস্তক্ষেপ করলে সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করে।

বর্তমানে নেগোম্বো কারাগারে মোট ২ হাজার ৪১৭ জন কয়েদি রয়েছেন। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্তে একটি কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।