রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈন-এর চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আক্কাস আলী। গ্রেপ্তারকৃতরা হলেন—ফালান মিয়া (৪২), রুবেল (৪২), সুমন (৩৬) ও লিটন মিয়া (৩৮)।
পুলিশ জানায়, শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া চারজনকে র্যাব-২ ও র্যাব-৪ অভিযান চালিয়ে আটক করে পরে থানায় হস্তান্তর করে। মূল আসামি মঈনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহারে সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ আবু হানিফ অভিযোগ করেন, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে।
ঘটনার ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে অভিযুক্তরা বাদীর বাসায় গিয়ে চাঁদা দাবি করে এবং তার স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা প্রায় ৫০-৬০ জন লোক জড়ো করে হাসপাতালের সামনে অবস্থান নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
এ সময় তারা হাসপাতালের মালিক কামরুল ইসলাম-কে লক্ষ্য করে হুমকিমূলক স্লোগান দেয়, গালাগালি করে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।