ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষের দিকে এসে নকআউট পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন পর্যন্ত ১২টি গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের খেলা শেষ হয়েছে এবং মোট ১৯টি দল নিশ্চিত করেছে শেষ ষোলো নয়, রাউন্ড অব ৩২ (নকআউট)-এ জায়গা। ইতোমধ্যে কয়েকটি ম্যাচআপও চূড়ান্ত হয়েছে।
গ্রুপ ‘এ’ থেকে স্বাগতিক মেক্সিকো শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবারের মতো নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা, যারা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে কানাডার।
গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড শীর্ষস্থান দখল করেছে। কানাডা দ্বিতীয় হয়ে এবং বসনিয়া ও হার্জেগোভিনা সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে। বসনিয়া খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কো শেষ ৩২ নিশ্চিত করেছে। নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, আর মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, গ্রুপ ‘ই’ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর, আর গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন নকআউটে জায়গা করে নিয়েছে।
গ্রুপ ‘আই’ থেকে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। একইভাবে গ্রুপ ‘জে’ থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়াও নকআউটে নিজেদের জায়গা পাকা করেছে।
এদিকে এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।
গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষ হলে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর তালিকা এবং রাউন্ড অব ৩২-এর পূর্ণ সূচি চূড়ান্ত হবে।