বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“শেরপুর-২: নাগরিকত্ব ইস্যু কাটিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী”

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ তার নাগরিকত্ব সংক্রান্ত বিষয় নিয়ে জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করেন। আদালতের এই আদেশে ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণে বাধা থাকলো না বলে জানিয়েছেন তার পক্ষে থাকা সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে, লিভ টু আপিলের পক্ষে থাকা সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু জানান, বিএনপির প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ইস্যুতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেরপুর-২ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

আদালতে ফাহিম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানু করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

এ ঘটনায় নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্ক অবস্থান নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাগরিকত্ব ইস্যু আপিলের সঙ্গে আসনের নির্বাচনের ফলাফলের স্থগিতাদেশ নির্বাচনী পরিবেশকে আরও চ্যালেঞ্জিং করতে পারে।