শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিক্ষার্থী না থাকায় রাজশাহী বিভাগের ১৫৪ কারিগরি প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্সে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় রাজশাহী বিভাগের ১৫৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশন থেকে এসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ হতে পারে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিদর্শক (শর্ট কোর্স) প্রকৌশলী মোহাম্মদ সামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, দেশের মোট ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান কোনো ব্যাখ্যা জমা দেয়নি। ফলে আগামী ১০ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য আবারও নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদান অনুমোদন বাতিল বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জাতীয় দক্ষতামান বেসিক কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ৩৬০ ঘণ্টার একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি। কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, ড্রাইভিং, টেইলারিং, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিংসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হয়, যা দেশে ও বিদেশে চাকরির ক্ষেত্রে গ্রহণযোগ্য।

রাজশাহী বিভাগের তালিকায় সবচেয়ে বেশি ৫১টি প্রতিষ্ঠান রয়েছে রাজশাহী জেলায়। এছাড়া বগুড়ায় ৩৩টি, সিরাজগঞ্জে ২০টি, চাঁপাইনবাবগঞ্জে ১৪টি, পাবনায় ১৪টি, নাটোরে ৯টি, নওগাঁয় ৭টি এবং জয়পুরহাটে ৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।