রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

শাপলা চত্বর মামলা: সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মানবাধিকার সংস্থা অধিকারের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দীর্ঘদিন ধরে তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে কর্মকর্তারা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর সেটিকে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে প্রস্তুত করা হয়েছে।

আগামী ২৭ জুলাই (সোমবার) আনুষ্ঠানিক অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মধ্য দিয়ে মামলাটি বিচার শুরুর পরবর্তী ধাপে প্রবেশ করবে বলে জানান প্রসিকিউশন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। ফরমাল চার্জ দাখিলের দিন মামলার সব আসামির নাম প্রকাশ করা হবে।

বর্তমানে এ মামলায় ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লার চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।