বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শান্তিরক্ষা ও বহুপাক্ষিক কূটনীতিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, বহুপাক্ষিক কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।

সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিনিধিদলকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের ভিত্তিতেই জাতিসংঘের সঙ্গে দেশের দীর্ঘদিনের সম্পৃক্ততা গড়ে উঠেছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ অংশগ্রহণকারী দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

বৈঠকে তিনি প্রতিনিধিদলকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন–এর কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন। একই সঙ্গে শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অর্জন ও ভূমিকার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং ঐকমত্যভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেই টেকসই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি মত দেন।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন বলেও জানা গেছে।