বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শহীদ মিনারে জাতীয় পার্টিকে ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

দিরাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির মহানগর ইউনিটের একটি দলের পেছনে ব্যানার ও ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে প্রবেশ করেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। তবে সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি।

সাক্ষীরা বলেন, এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পার্টির ব্যানার দেখতে পেয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে উত্তেজনা তৈরি হলে জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা শেষ পর্যন্ত শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ঘটনাটি শহীদ মিনার এলাকায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি করে।