রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলের মাজদাল সেলম গ্রামে ইসরায়েলি হামলায় নিহত ৪৪ জনের গণদাফন সম্পন্ন করেছে হিজবুল্লাহ। শনিবার অনুষ্ঠিত এ জানাজা ও দাফন অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন। শোকমিছিলজুড়ে ছিল কান্না, শোক আর নিহতদের স্মরণ।

হিজবুল্লাহ জানিয়েছে, দাফন করা ৪৪ জনের মধ্যে ৩৯ জন তাদের যোদ্ধা এবং ৪ জন বেসামরিক নাগরিক। ইসরায়েলি হামলায় তাদের মৃত্যু হয়েছে। বাকি একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতার তথ্য অনুযায়ী, কফিনবাহী গাড়িগুলো কবরস্থানের দিকে যাওয়ার সময় শোকাহত স্বজনদের হাতে নিহতদের ছবি দেখা যায়। অনেকেই অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানান।

চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে অনেক নিহতকে নিজ নিজ এলাকায় দাফন করা সম্ভব হয়নি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর ধাপে ধাপে গণদাফনের আয়োজন করছে হিজবুল্লাহ।

এর আগে ইন্টারনেটে ১২৯ জন নিহতের একটি তালিকা ছড়িয়ে পড়লেও মাজদাল সেলম পৌর কর্তৃপক্ষ সেটিকে ভুল ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে।

তবে এই প্রক্রিয়ার অন্যতম শর্ত হিসেবে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রস্তাব দেওয়া হলেও, শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে আসছে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী।