লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলের এক ব্যাটালিয়ন কমান্ডারসহ চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টাইমস অব ইসরায়েল সূত্রে জানা যায়, কাফার তিবনিত এলাকায় রাতভর হিজবুল্লাহর হামলায় একটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডারসহ চার সেনা নিহত হন। নিহতদের পরিচয় পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ।
এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় কমান্ডো ব্রিগেডের ওপর ড্রোন হামলা চালানো হয়, এতে আরও পাঁচ সেনা আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আইডিএফ জানিয়েছে, পাল্টা প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে হিজবুল্লাহর কয়েক ডজন যোদ্ধা নিহত এবং তাদের কমান্ড সেন্টার, রকেট লঞ্চারসহ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্যও দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে এবং লেবানন-ইসরায়েল সীমান্তে পরিস্থিতি দ্রুত জটিল আকার নিচ্ছে।