বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত: তীব্র নিন্দা ঢাকার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে লেবানন-এ ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক এবং তা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

বিবৃতিতে বৈরুত-এ সংঘটিত হামলায় বাংলাদেশি নাগরিক দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেয় সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ এ ঘটনায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।