বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। মঙ্গলবার (৩০ জুন) শহরের খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঞ্জাব সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিক্ষার্থী ক্লাস করছিল। হঠাৎ ছাদ ধসে পড়লে সবাই কমবেশি আহত হয়।

তিনি জানান, গুরুতর আহত ২০ জন শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ১৪ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একতলা ভবনটির ওপর দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজ চলাকালেই নিচতলায় কোচিং সেন্টারের কার্যক্রম চালু ছিল। এ অবস্থায় ছাদ ধসে প্রাণঘাতী এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ভবনের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। দুর্ঘটনার পেছনে নির্মাণে অবহেলা বা নিরাপত্তা বিধি লঙ্ঘনের কোনো ঘটনা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পৃথক বার্তায় তারা নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পাকিস্তানে ভবন ধসের ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অপরিকল্পিত নির্মাণ এবং ভবন নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

এর আগে, গত বছরের জুলাই মাসে সিন্ধ প্রদেশের রাজধানী করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছিলেন। সাম্প্রতিক এ দুর্ঘটনা আবারও পাকিস্তানে ভবন নির্মাণে নিরাপত্তা মান নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।