সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছররা গুলিতে বাম চোখের দৃষ্টি হারান নাটোরের বাগাতিপাড়ার আব্দুল্লাহ আল বাকি মিঠু। গুরুতর আহত অবস্থায় তাকে মৃত ভেবে হাসপাতালের মর্গে লাশের পাশে ফেলে রাখা হলেও জ্ঞান ফিরে চিৎকার করে জানান, তিনি বেঁচে আছেন।

পরবর্তীতে দেশ-বিদেশে চিকিৎসা নিলেও তার বাম চোখের দৃষ্টি আর ফেরেনি। মুখ ও চোখে থাকা কয়েকটি ছররা গুলিও অপসারণ করা সম্ভব হয়নি। প্রতিদিন তিন ধরনের চোখের ড্রপ ব্যবহার করতে হয় তাকে; ওষুধ না দিলে তীব্র ব্যথা, পানি পড়া ও ঝাপসা দেখার সমস্যা হয়।

তবুও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে থেমে থাকেননি মিঠু। বর্তমানে সিরাজগঞ্জের একটি হাসপাতালে সিটিস্ক্যান অপারেটর হিসেবে কাজ করছেন। অসুস্থ বাবা-মায়ের দায়িত্বও তার কাঁধে। এক চোখের আলো হারানোর কষ্ট থাকলেও দেশের পরিবর্তনকে নিজের আত্মত্যাগের প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।