রাজবাড়ীর বালিয়াকান্দিতে লাল তিলে কৃত্রিম রং মিশিয়ে কালো তিল হিসেবে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর ও বহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের বাসায় রং মিশিয়ে লাল তিলকে কালো তিলে রূপান্তরের প্রমাণ পাওয়া যায়। অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন।
নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী আব্দুল হাই বিশ্বাস ও শহিদুল বিশ্বাসকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
অভিযান চলাকালে ২২ বস্তা ভেজাল কালো তিল ও রং জব্দ করে ধ্বংস করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।