শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লালবাগে দস্যুতার ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আটক ৩

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুন, ২০২৩

লালবাগে দস্যুতার ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

আটককৃতরা হলো- ওমর হারুন ও দুই জন কিশোর হওয়ায় নাম প্রকাশ করা হলো না। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে নগদ ৭ লক্ষ ৭০ হাজার টাকাসহ লুণ্ঠন হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ জুন জে এন সাহা রোডের একটি বাসায় ২ জন ব্যক্তি মুখে গামছা সদৃশ কাপড় বেঁধে প্রবেশ করে। অন্য একজন বাইরে পাহারা দেয়। ভিকটিমকে চাপাতি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকাসহ বেশকিছু স্বর্ণালংকার ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় লালবাগ থানায় মামলা রুজু হয়।

উপ-পুলিশ কমিশনার আরো বলেন, ঘটনার পরপরই লালবাগ থানার পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৩ জুন) ওই বাসার কেয়ারটেকার মোঃ ওমর হারুনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে ওই বাড়ির নীচ তলার স্টোররুম হতে উদ্ধার করা হয় লুণ্ঠিত স্বর্ণালংকারসহ নগদ ৭ লক্ষ ৭০ হাজার টাকা ও দস্যুতার ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি। পরবর্তী সময়ে হারুনের স্বীকারোক্তি মতে দস্যুতার ঘটনায় জড়িত অপর দুই কিশোরকে মগবাজার ও ভোলার মুসলিম পাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।