শনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই সফর, ১৪৪৮ হিজরি

লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাটে যুবরাজের রহস্যময় মৃত্যু, দীর্ঘ তদন্তে বেরিয়ে এলো আসল কারণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সৌদি আরবের রাজপরিবারের সদস্য ও যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাই আল সৌদের আকস্মিক মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ছিল। গত বছর লন্ডনের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মাত্র ২৯ বছর বয়সী এই যুবরাজকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ তদন্তের পর ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মদ্যপান ও নেশাদ্রব্য সেবনের পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ব্রিটিশ করনার অফিসও মৃত্যুর কারণ নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৫ নভেম্বর লন্ডনের ম্যারিয়ট হোটেল কেনসিংটনের একটি বিলাসবহুল স্যুইট থেকে যুবরাজের মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের এক কর্মী কক্ষে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ জরুরি সেবায় খবর দেয়। প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

তদন্তে জানা যায়, মৃত্যুর আগে যুবরাজ মদ্যপান করেছিলেন। পাশাপাশি তার শরীরে অন্যান্য নেশাদ্রব্যের উপস্থিতিও পাওয়া যায়। পরীক্ষায় প্রতি ১০০ মিলিলিটার রক্তে ২২২ মিলিগ্রাম টক্সিকোলজিক্যাল মাত্রা শনাক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

করনার অফিসের মতে, অতিরিক্ত নেশাদ্রব্য গ্রহণের প্রভাবে যুবরাজের হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তার শরীরে অন্য কোনো গুরুতর রোগের অস্তিত্বও পাওয়া যায়নি। ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুবরাজের আকস্মিক মৃত্যু প্রথমে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম দিলেও দীর্ঘ তদন্ত শেষে তার মৃত্যুর পেছনে অতিরিক্ত মদ্যপান ও নেশাদ্রব্য সেবনজনিত হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকেই কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।