বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা, লিয়াকতের আপিল খারিজ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী তার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল দায়ের করেছিলেন।

রোববার (১৮ জানুয়ারি) সকালেই রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে ইসি লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ রাখেন এবং লিয়াকতের আপিল খারিজ করে দেন।

শুনানিতে লতিফ সিদ্দিকি জানান, তার বিরুদ্ধে থাকা পুরনো মামলা নির্বাচনে প্রার্থী হওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করতে পারে না। তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়ার সময় কারও কোনো আপত্তি ওঠেনি। আপিলের মাধ্যমে এই বিষয়কে বেআইনিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।”

লতিফ সিদ্দিকি আরও উল্লেখ করেন, “আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে ছেলেটি আপিল করেছেন, সে ১৮ ও ২৪ সালের নির্বাচনে আমার প্রতিপক্ষ ছিলেন। তখনও একই ধরনের অভিযোগ ছিল। এ ঘটনায় আমি ইসির শুনানিতে হাজির হয়েছি এবং প্রমাণ দিয়েছি যে মনোনয়ন সম্পূর্ণ আইনগত।”

শুনানির পর ইসি তার মনোনয়ন বৈধ রাখেন, ফলে টাঙ্গাইল-৪ আসনে লতিফ সিদ্দিকি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।