বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ের হত্যাকাণ্ডে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি, বিচার চেয়ে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

 

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ ঘটনার বিচার নিশ্চিত করার দাবিতে রোববার (২৮ জুন) বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রায়পুর সাধারণ ছাত্র সমাজের ব্যানারে থানার সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, এ ধরনের ভয়াবহ হত্যাকাণ্ডে পুরো এলাকা ও দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি রহস্য উদ্ঘাটিত না হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দাবি করেন, কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, “আমরা একজন মেধাবী সহপাঠী ও তার পরিবারকে হারিয়েছি। এই নির্মম ঘটনার পেছনের আসল কারণ বের করতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৫ জুন সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে—সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ফাতেমা আক্তার শিফা (৯)—কে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে অভিযুক্ত অন্তর মজুমদার গণপিটুনিতে নিহত হন।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত কারণ ও সম্ভাব্য অন্য কোনো জড়িত পক্ষ আছে কি না—তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন প্রকাশ করতে হবে।